রিয়া পাত্র: সপ্তমীর সন্ধে। উত্তর কলকাতার গলির ভিতরে, চোরবাগান সর্বজনীনের পুজো। বাইরে বৃষ্টি। প্যান্ডেলের ভিতরে আলোকছটায় ভেসে যাচ্ছিলেন দর্শনার্থীরা। ঠিক সেই সময়েই বিপর্যয়। মৃত্যু-হাহাকার। মুহূর্তে উত্তর কলকাতার গলি হয়ে ওঠে মৃতুপুরীতে। ১৯ জনের মৃত্যুর ঘটনায়, তদন্ত চলছে। কাউকে রেয়াত না করার কোরা বার্তা রাজ্য সরকারের। একের পর এক গ্রেপ্তারি। উঠে আসছে ভুল ঘোষণার বিষয়ও। এসবের মাঝেই, শনিবার, বিষাদে নির্জন নিরঞ্জন প্রতিমার। এই সামগ্রিক পুজো যাঁর পরিকল্পনায়, কী বলছেন সেই সুশান্ত শিবানী পাল?
শহরে তাঁকে নিয়ে প্রশ্ন একাধিক। কোথায় তিনি? তাঁর নির্মাণের মাঝেই মৃত্যু মিছিল, তিনি কি আর পুজোতে ফিরবেন? কী ভাবছেন শিল্পী? আজকাল ডট ইন-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুশান্ত জানাচ্ছেন বুকে ক্ষত বয়ে বেড়ানোর কথা।
সুশান্ত বলছেন, 'একজন মানুষ হিসেবে আমি কোনও দিনই আমার মন থেকে মুছে দিতে পারব না। আমি এখনও পর্যন্ত ৬০টি পুজোর পরিকল্পনা করেছি। আমি কেন, কলকাতার কোনও শিল্পীর এই ভয়াবহ অভিজ্ঞতা হয়নি কোনওদিন।'
কিন্তু এই ঘটনা কি তাঁর দীর্ঘদিনের শিল্প সাধনায়, অধ্যাবসায়ে প্রভাব ফেলবে? সুশান্ত বলছেন, 'ঘটনার প্রথম খবর আমি যখন পাই, তখনও আমি জানতাম না ঠিক কী হয়েছে। আমি ভেবেছিলাম স্ট্রাকচার ভেঙে গিয়েছে। তারপর মুখ্যমন্ত্রী বেরিয়ে বললেন, স্ট্রাকচার কিছু হয়নি। একটি মৃত্যুও দুঃখের, শোকের। এসবের মাঝে আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে একটি ই বিষয়, ওই মানুষগুলোতো আমার কাজ দেখতেই গিয়েছিলেন। আমার শিল্পসত্ত্বাটা এতটাই মানুষ পছন্দ করেছিলেন সেই জন্যেই। আমি স্বপ্নেও কল্পনা করতে পারছি না, ওঁরা আর ফিরলেন না।'
চোরবাগানের ঘটনার পর, আগামী বছরে পুজোর কাজে ফিরবেন সুশান্ত? প্রশ্ন ঘুরছে। কারণ বহু ক্ষেত্রেই পুজো শেষের পরেই, আগামী বছরের পুজোর ভাবনা শুরু করে দেয় ক্লাবগুলি। বৈঠক হয় শিল্পীর সঙ্গে দফায় দফায়। এবারেও শহর কলকাতায় চারটি পুজোর থিম পরিকল্পনা তাঁরই। সুশান্তর মনে এখন কী ভাবনা? করলেও কোন বিষয়টি মাথায় রাখবেন তিনি?
সুশান্ত বলছেন, 'এরকম একটা পাবলিক স্পেসে কাজ করলে আমাদের সবথেকে বেশি কিন্তু সেফটি এন্ড সিকিউরিটির ব্যাপারটাই থাকে। সেভাবেই করি। সেই কারণেই হয়তো আমার স্ট্রাকচারে যতজন লোক থাকার ক্যাপাসিটি তার হয়তো দু'গুণ বা তিনগুণ লোক ওই সময় মন্ডপে ঢুকে যাওয়া সত্ত্বেও স্ট্রাকচার ভাঙেনি।' সঙ্গেই বলছেন, ' পুজো কেন আমি কোনওরকম শিল্প সৃষ্টির মানসিক অবস্থানে এই মুহূর্তে নেই। আমার মনে গভীর ক্ষত, আমাকে তাড়া করে বেড়াচ্ছে সর্বক্ষণ।'
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
