কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের জীবনযাপন ও মানবিক সহায়তা কার্যক্রমের খোঁজ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদল। এ সময় নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করে মিয়ানমারে ফিরতে চান বলে প্রতিনিধিদলকে জানান রোহিঙ্গারা। দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ সরকারের সহযোগিতাও চান তারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলটি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে।
প্রতিনিধিদল প্রথমে কুতুপালংয়ের ৬নং ক্যাম্পে অবস্থিত রোহাং হেরিটেজ সেন্টার পরিদর্শন করে। সেখানে রোহিঙ্গাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পরিচয়-সংশ্লিষ্ট বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন সদস্যরা। এ সময় পুরোনো পরিচয়পত্র, ঐতিহাসিক ছবি, রাজনৈতিক প্রতিনিধিত্ব-সংক্রান্ত নিদর্শন এবং দুই শতাধিক দুর্লভ দলিল সম্পর্কে তাদের অবহিত করা হয়।
পরে প্রতিনিধিদলটি ৯নং ক্যাম্পে অবস্থিত তুর্কি হাসপাতাল এবং ৪নং ক্যাম্পে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্য বিতরণকেন্দ্র পরিদর্শন করে। এসব স্থানে চলমান কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গাদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমের খোঁজ নেয় প্রতিনিধিদল।
এরপর ৪নং ক্যাম্পের দরবার হলে বিভিন্ন শ্রেণি-পেশার রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদীয় কমিটির সদস্যরা। সভায় রোহিঙ্গারা দীর্ঘদিনের দুর্ভোগ, অনিশ্চিত ভবিষ্যৎ ও নিজ দেশে ফেরার আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করে প্রত্যাবাসনের ব্যবস্থা নিতে তারা সরকারের সহযোগিতা চান।
মতবিনিময় সভায় ইউসিআরের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ উল্লাহও নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান। তিনি বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চান। তাদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করে প্রত্যাবাসনের ব্যবস্থা করা প্রয়োজন।
প্রতিনিধিদলে আরও ছিলেন সংসদীয় কমিটির সদস্য এসকে আজিজুল বারী, সাঈদ আল নোমান, সানজিদা ইসলাম ও মীর আহমদ বিন কাশেম। এছাড়া উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান এবং উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।
পরিদর্শন ও মতবিনিময় শেষে প্রতিনিধিদলটি কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।