প্রকাশিত: ১২:৫৩, ১৯ অক্টোবর ২০২৬
শেকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কৃষির সমস্যা সমাধানে উদ্ভাবনী ধারণা দিয়ে জাতীয় পর্যায়ে সাফল্য পেয়েছে শেকৃবির শিক্ষার্থীরা
কৃষি খাতের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এ চ্যাম্পিয়ন হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের একটি দল। জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন দলনেতা মারুফ মোস্তফা মুনিম (৭৮তম ব্যাচ, কৃষি অনুষদ), মো. মোহাইমিনুল ইসলাম (৭৭তম ব্যাচ, কৃষি অর্থনীতি) ও মো. রিয়াদ মিয়া (৮০তম ব্যাচ, কৃষি অর্থনীতি)।
২০২৫ সালের অক্টোবরে শুরু হওয়া প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ২০২৬ সালের ১০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রাথমিক গ্রুপ পর্বের পর নির্বাচিত ১৮টি দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। সেখান থেকে বাছাই করা দলগুলো চূড়ান্ত পর্বে অংশ নেয়।
গত ১৮ অক্টোবর রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন হলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী দলের সদস্যদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের পক্ষে বক্তব্য দেন দলনেতা মারুফ মোস্তফা মুনিম। তিনি বাংলাদেশের কৃষি খাতের বিভিন্ন সমস্যা, কৃষকদের বহুমাত্রিক চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলায় তাদের দলের উদ্ভাবনী মডেলের সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি, কৃষির টেকসই উন্নয়নে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও অবদান নিয়েও কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ অর্জন কৃষি খাতের সমস্যা সমাধানে উদ্ভাবনী ধারণা ও গবেষণাভিত্তিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেছে। একইসঙ্গে, কৃষির নানা চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ এবং কার্যকর সমাধান উদ্ভাবনের সম্ভাবনাও সামনে এনেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চ্যাম্পিয়ন দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছে। ভবিষ্যতেও তাদের উদ্ভাবনী কার্যক্রম ও গবেষণা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
