সংবাদ · রাজনীতি
সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, যা জানালেন প্রতিমন্ত্রী
২৩/১০/২০২৬

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড (শিরশ্ছেদ) কার্যকর করার বিষয়ে সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। ঘটনার বিস্তারিত জানতে দেশটির কাছে রায়ের কপি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।শুক্রবার (২৩ অক্টোবর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা জানান। এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদের মরদেহ দেশে পৌঁছালে বিমানবন্দরে তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন তিনি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে যে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো দেওয়া হয়নি। আমরা এরই মধ্যে ঢাকার সৌদি রাষ্ট্রদূতকে তলব করে কথা বলেছি। সেই সঙ্গে ঘটনার মূল রহস্য জানতে ও মৃত্যুদণ্ডের সুনির্দিষ্ট কারণ বুঝতে সৌদি সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। রায়ের কপি পেলেই পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রত্যেকটি স্বাধীন দেশের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। তবে কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে গিয়ে চরম দণ্ডে দণ্ডিত হলে সে বিষয়ে জানা সরকারের দায়িত্ব। এর আগে যেকোনো প্রবাসীর সাজার খবর পেলে আমরা কূটনৈতিক চ্যানেলে তা মওকুফের চেষ্টা করি। কিন্তু না জানতে পারলে তা সম্ভব হয় না। এত টাকা খরচ করে বিদেশে গিয়ে প্রবাসীরা এভাবে লাশ হয়ে ফিরবেন, তা অত্যন্ত হৃদয়বিদারক। ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিজ দেশের নাগরিকদের সুরক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের তৎপরতা অব্যাহত রাখবে।’/
মূল প্রতিবেদনে যান ↗