ফেনীর সোনাগাজী ও দাগনভুঞা উপজেলার ৪২ পূজা মণ্ডপে বন, পরিবেশ ও জলবায়ুমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সোনাগাজী পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও যুবদলের আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।
জানা গেছে, সোনাগাজী এবং দাগনভুঞা উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রতিটি পূজা মণ্ডপে ১৫ হাজার টাকা করে সোনাগাজীতে ২৩ ও দাগনভুঞা ১৯ টিসহ ৪২ পূজা মণ্ডপে ৬ লাখ ৩০ হাজার টাকা মন্ত্রীর পক্ষ থেকে এ আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া কালবেলাকে বলেন, মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সোনাগাজীর ২৩ এবং দাগনভূঞায় ১৯ পূজা মণ্ডপে সংশ্লিষ্টদের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। আশা করি সনাতনী ধর্মাবলম্বীরা আনন্দের সঙ্গে পূজা উদযাপন করতে পারবে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম কালবেলাকে বলেন, দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কয়েক ধাপে ফোর্স মোতায়েন করেছি। আশা করি নিরাপত্তার কোনো ব্যত্যয় হবে না।
উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম ভূঁইয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ুমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর পুত্র মাল্টি মোড় গ্রুপের পরিচালক তাজওয়ার আউয়াল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন, ৯ নং নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির, মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, বগাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পারভেজসহ অনেকে।
