সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার শাজাহানপুর উপজেলার সাহেদ আহম্মেদ আশিকের মরদেহ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে সেখান থেকে লাশবাহী গাড়িতে করে মরদেহ তার গ্রামের বাড়ি উপজেলার মাদলা গ্রামে নিয়ে যাওয়া হয়।
পরিবারের মুখে হাসি ফোটার স্বপ্ন নিয়ে প্রায় দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সাহেদ আহম্মেদ। সম্প্রতি এক মাসের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন তিনি। কিন্তু সেই ফেরা আর জীবিত হলো না। ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি প্রাণ হারান। রিয়াদ বিমানবন্দরে পৌঁছে স্ত্রীকে শেষবারের মতো ফোন করে সাহেদ জানিয়েছিলেন, পরবর্তী ফ্লাইটে জেদ্দায় পৌঁছে আবার কথা বলবেন। স্বামীর সেই ফোনের অপেক্ষায় প্রহর গোনা স্ত্রীর কাছে কফিনবন্দি হয়ে ফিরল নিথর দেহ।
শুক্রবার সকালে সাহেদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় মানুষটির কফিন দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী কাকলীসহ উপস্থিত স্বজনেরা। বাবাকে হারিয়ে শোকে আচ্ছন্ন তার দুই শিশুসন্তান। এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন ঘোর অনিশ্চয়তায় পড়েছে এই পরিবারটি, বিশেষ করে দুই সন্তানকে নিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্ত্রী কাকলী।
এদিকে শুক্রবার সকালে ঢাকায় সাহেদের মরদেহ গ্রহণের সময় নিহতের পরিবারের হাতে প্রাথমিক আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। সাহেদের বকেয়া বেতন, ভাতা ও চাকরিসংক্রান্ত যাবতীয় সুবিধা বাবদ প্রায় নয় লাখ টাকা বাংলাদেশ দূতাবাসে জমা দিয়েছে তার নিয়োগকারী প্রতিষ্ঠান। পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র যাচাই সাপেক্ষে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত আর্থিক ও বিমা সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
শুক্রবার বাদ আসর স্থানীয় মাদলা গ্রামে জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া পৌর মেয়র এম আর ইসলাম স্বাধীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও শত শত সাধারণ মানুষ অংশ নেন। কর্মের টানে বিদেশে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
