চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক অভিনব ও চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। রাতের বেলা ঘরের খাটের নিচে লুকিয়ে থেকে পরিবারের সদস্যদের সর্বস্ব লুটে নিয়েছে একটি সংঘবদ্ধ চোরচক্র। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সমুরা এলাকার মো. হাসানুজ্জামান খানের বসতবাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. হাসানুজ্জামান খান বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, ঘটনার দিন রাত ১২টার দিকে পরিবারের সবাই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। এরপর আজ রোববার ভোর আনুমানিক ৫টার দিকে ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা দেখতে পান গৃহকর্তা। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে ঘরের মধ্যে নিজের মুঠোফোন খুঁজতে গিয়ে চুরির বিষয়টি পরিষ্কার হয়।
ভুক্তভোগী মো. হাসানুজ্জামান খান জানান, ধারণা করছি, চোর বা চোরের দল সন্ধ্যার পর বা রাতের শুরুতে কৌশলে খাটের নিচে লুকিয়ে ছিল। আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় তারা ঘরের সব মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। আমরা ঘুমিয়ে থাকার পরও বিন্দুমাত্র কিছু টের পাইনি।
তিনি আরও জানান, গত শনিবার রাত দুইটার দিকে তাঁর এক জামাতা বিদেশ থেকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পান। এতে ধারণা করা হচ্ছে, রাত সাড়ে ১২টা থেকে আড়াইটার মধ্যে কোনো একসময়ে এই চুরির ঘটনা ঘটে থাকতে পারে।
পটিয়া থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সংঘবদ্ধ চোরচক্র এই ঘর থেকে দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন, প্রায় ৩০ আনা ওজনের স্বর্ণের হার, নগদ ১ লাখ ৪ হাজার টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। হঠাৎ ঘটে যাওয়া এই সর্বস্বান্ত হওয়ার ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটির সদস্যরা।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ‘এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।

