ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আটটি মন্দিরের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে পূজার আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের যে অধিকার ও প্রাপ্য রয়েছে, তা নিশ্চিত করার চেষ্টা করা সরকারপ্রধান হিসেবে তাঁর দায়িত্ব। ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সব ধর্মের মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা অর্জন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন। সংকটের সময়ে ধর্মীয় পরিচয় বিবেচনায় না নেওয়া হলে অন্য ক্ষেত্রেও তা বিবেচনায় নেওয়ার কারণ নেই।
মতবিনিময়কালে হিন্দু সম্প্রদায়ের নেতারা সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা পূজার ছুটি ও অনুদান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের পর শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছেন বলেও উল্লেখ করেন তাঁরা।
প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার তার দায়িত্ব ও দায়বদ্ধতা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে।
