সৌদি আরবের নাজরান অঞ্চলে যান্ত্রিক ত্রুটির কারণে একটি গোয়েন্দা নজরদারির এএইচ-৬আই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।
আল-মালিকি জানান, হেলিকপ্টারটি সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন ছিল। তিনি আরও বলেন, নিহত দুই ক্রুই কর্মকর্তা পদমর্যাদার ছিলেন।
একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পৃথক এক পোস্টে আল-মালিকি হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির একটি দাবি প্রত্যাখ্যান করেছেন। ওই দাবি অনুযায়ী, হুথিরা নাজরানের কাছে একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছিল।
রোববার সারির পোস্টের জবাবে আল-মালিকি সারিবদ্ধভাবে রাখা কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারের ছবি প্রকাশ করেন। তিনি লেখেন, “আপনারা দাবি করছেন, এটি ভূপাতিত করেছেন। কিন্তু এটি শিগগিরই যুদ্ধক্ষেত্রে নামবে। এটি দেখতে কেমন, তা মনে রাখুন। এটি দেখতে কেমন, তা মনে রাখুন এবং ভুলে যাবেন না।”
এদিকে শনিবার রাতভর রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ড্রোন ধ্বংস করার ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোটটি। জোট আরও জানিয়েছে, খামিস মুশাইতের দিকে নিক্ষেপ করা হুথিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করে ধ্বংস করেছে।
