২০২৭ সালে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী বছরের ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ১৬ দলের এই মেগা টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই সিলেটে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ, আর ৬ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি গড়াবে চট্টগ্রামে।
১৬ দিনের এই টুর্নামেন্টে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুই দেশের ৪টি ভেন্যুতে। বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১২টি করে ম্যাচ। অন্যদিকে, নেপালের কীর্তিপুরে ৭টি এবং মুলপানিতে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের খেলাগুলো স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট এবং দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।
‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে আছে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সহ-আয়োজক নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। অন্যদিকে ‘সি’ গ্রুপে বাংলাদেশ পেয়েছে অস্ট্রেলিয়া, নাইজেরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতকে। ‘ডি’ গ্রুপে লড়বে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।
২১ জানুয়ারি উদ্বোধনী দিনে মোট ৮টি দল মাঠে নামবে। সিলেটে দিনের প্রথম ম্যাচে সকাল ৯টা ৩০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। একই ভেন্যুতে দুপুরে লড়বে অস্ট্রেলিয়া ও নাইজেরিয়া। অন্যদিকে, নেপালের কাঠমান্ডুর মুলপানি মাঠে সকালে শ্রীলঙ্কা লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে এবং দুপুরে মুখোমুখি হবে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
‘সি’ গ্রুপে বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হওয়ার পর ২৩ জানুয়ারি শক্তিশালী অস্ট্রেলিয়া এবং ২৫ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবেন লাল-সবুজের প্রতিনিধিরা। ২৬ জানুয়ারি শেষ হবে গ্রুপ পর্ব।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ ৩টি করে দল উঠবে ‘সুপার সিক্স’ পর্বে। ‘এ’ ও ‘ডি’ গ্রুপের ছয়টি দল নিয়ে সুপার সিক্সের প্রথম গ্রুপ এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের ছয়টি দল নিয়ে গঠিত হবে দ্বিতীয় গ্রুপ। প্রতিটি দল সুপার সিক্সে দুটি করে ম্যাচ খেলবে। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।
আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একই মাঠে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। নকআউট পর্ব ছাড়া টুর্নামেন্টের অন্য কোনো ম্যাচে রিজার্ভ ডে থাকছে না।