প্রকাশিত: ১৪:১৯, ১৪ অক্টোবর ২০২৬
বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছে রাজস্থানের জয়পুরে
মাঝ-আকাশে ছিনতাইয়ের আশঙ্কায় জার্মানি থেকে ভারতগামী বিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছে রাজস্থানের জয়পুরে। বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
বিমানে বোমা রাখা আছে, ছিনতাইও হতে পারে— এমন একটি খবর ছড়িয়ে পড়তেই নিরাপত্তার স্বার্থে বিমানে জরুরি বার্তা পাঠানো হয়। তার পর সেটিকে জয়পুরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। এয়ার ইন্ডিয়ার এআই ২০৩০ বিমানটি জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে উড্ডয়ন করেছিল এবং এর গন্তব্য ছিল দিল্লি।
নাম প্রকাশে অনিচ্ছুক জয়পুর বিমানবন্দরের এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ছিনতাইয়ের গুজব রটেছিল, বোমাতঙ্ক নয়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয় বলেই জানান তিনি। তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে ঠিক কী হয়েছিল।
তবে সূত্র জানিয়েছে, বিমানটি যখন ভারতের আকাশে প্রবেশ করে, সেই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং নিরাপত্তা সংস্থাগুলোকে বার্তা দেওয়া হয়। তার পরই বিমানটিকে জয়পুরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়।
বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয়েছে। যাত্রীদের বিমান থেকে নামিয়ে তল্লাশি চালানো হয়। বিমানটিকে আলাদা করে রাখার ব্যবস্থা হয়েছে। তবে এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
