দক্ষিণাঞ্চলের নদ-নদীতে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযান
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে দক্ষিণাঞ্চলের নদ-নদী ও উপকূলীয় এলাকায় অভিযান, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
রোববার (১৮ অক্টোবর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।
জেলেদের সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোস্টগার্ড জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণে নদী ও সমুদ্র উপকূলে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা লঙ্ঘন বা এ-সংক্রান্ত অনিয়মের তথ্য জানাতে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার অনুরোধ জানানো হয়েছে।
