ধানমন্ডি সাতমসজিদ রোডে বাংলাদেশ আই হসপিটালের উল্টো দিকে এক ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে এ বিষয়ে পুলিশ বলছে, বয়স্ক ওই ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন এক নারী। তবে খালিদ হাসান নামে এক যুবক আইন নিজের হাতে তুলে নেন। বয়স্ক ওই ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করান। এসময় পাশেই দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।
মারধরের পর ওই ব্যক্তিকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। পরে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। কিন্তু ওই ব্যক্তিকে মারধরের ঘটনায় বেসরকারি চাকরিজীবী খালিদ হাসানকে বুধবার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য সে সময় ঘটনাস্থলে থাকা এএসআই আব্দুল হাইকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, এই বয়স্ক ব্যক্তি একজন মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। তাকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়। একই সঙ্গে ওই বয়স্ক ব্যক্তিকে যিনি মারপিট করেছিলেন, তাকেও ধানমন্ডি থানা গ্রেপ্তার করেছে। ভিডিওতে যে পুলিশ সদস্যকে দেখা গেছে, সেই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় যাকে মারধর করা হয়েছে, তিনি মানসিক রোগে আক্রান্ত বলেও জানায় পুলিশ।
