প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৪০ পিএম আপডেট: ২০.১০.২০২৬ ৫:৫৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা দক্ষিণের এনসিপির আহ্বায়ক লায়ন এ এম মুন্না চৌধুরী ও সদস্যসচিব জুবাইরুল আলম মানিকের যৌথ স্বাক্ষরে ১১২ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে আবদুল খালেককে আহবায়ক, অ্যাডভোকেট মো. শওকত হোসেন এরশাদকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং মোহাম্মদ ইউনুচকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।
কমিটি অনুমোদনের বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির আহবায়ক লায়ন এ এম মুন্না চৌধুরী বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে সাতকানিয়া উপজেলার ১১২ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটির মাধ্যমে সাতকানিয়ায় দলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদী।
তিনি বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, জনকল্যাণ এবং ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে। নতুন কমিটির নেতৃবৃন্দের সম্মিলিত উদ্যোগে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে বলে তাঁরা বিশ্বাস করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে সাতকানিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন এ কমিটি গঠনের মধ্য দিয়ে সাতকানিয়া উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।
