যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতেই কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহাগ হোসেন পলাতক রয়েছেন।
অভিযুক্ত সোহাগ হোসেন ওই গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশুটি তার এক সহপাঠীকে নিয়ে প্রতিবেশী সোহাগ হোসেনের বাড়িতে দোলনায় দোল খেতে যায়। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সোহাগ কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সোহাগ পালিয়ে যান।
পরে শিশুটির পরিবার বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় শনিবার রাতেই থানায় মামলা রেকর্ড করা হয়। রোববার (১৮ অক্টোবর) সকালে শিশুটির শারীরিক পরীক্ষা শেষে তাকে আদালতে হাজির করা হয়।
এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিলন মোল্লা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
