খাগড়াছড়িতে সিএনজিচালিত অটোরিকশা উল্টে প্রাণ গেছে এক কিশোরীর। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা, বড় বোন ও এক বিজিবি সদস্য।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া আক্তার (১২) মাটিরাঙ্গার তবলছড়ির পুরাতন বড়নাল এলাকার আনোয়ার হোসেন ও ডেইজি আক্তারের ছোট মেয়ে। এ ঘটনায় আহতেরা হলেন তার মা ডেইজি আক্তার (৩৫), বড় বোন আঁখি আক্তার (১৭) ও বিজিবি সদস্য মো. আব্দুর রাজ্জাক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ি থেকে নিজেদের বাড়ি তবলছড়ি যাওয়ার পথে লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তানিয়া।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনায় এক শিশু নিহত ও তিনজন আহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।
