রাকিবুল হাসান, ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে থানার সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি গোপাল সেন গুপ্ত, সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী এবং উপজেলা ট্রাইব্রাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাধব হাজং প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় উপজেলার ১৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক দল গঠনের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত নজরদারি জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন পূজামণ্ডপের উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতারা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপনে প্রশাসন ও পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
The post ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা appeared first on সকালের খবর ২৪.
