মনপুরার কলাতলী ইউনিয়ন পরিষদ ভবন আবাসন বাজার এলাকায় নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। তাদের দাবি, ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধা ও নাগরিক সেবা সহজলভ্য করতে আবাসন বাজারে পরিষদ ভবন নির্মাণ করা প্রয়োজন। শুক্রবার আবাসন বাজার এলাকায় এ কর্মসুচিতে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন। এতে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ শুধু প্রশাসনিক ভবন নয়; এটি সাধারণ মানুষের নাগরিক সেবা পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন সরকারি সেবা নিতে ইউনিয়ন পরিষদে যেতে হয়। তাই পরিষদ ভবনের স্থান নির্ধারণের ক্ষেত্রে সর্বস্তরের মানুষের যাতায়াতের সুবিধা ও ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। স্থানীয় বাসিন্দা আবদুল হামিদ, এরশাদ ও আলাউদ্দিন খলিফা বলেন, মনপুরার মতো বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে সরকারি সেবা নিতে বাড়তি দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, নারী, অসুস্থ মানুষ ও দরিদ্র পরিবারের সদস্যদের দূরে গিয়ে সেবা নেওয়া অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই ইউনিয়ন পরিষদ ভবনের স্থান নির্ধারণের ক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি।
এ বিষয়ে ইউএনও খান সালমান হাবিব বলেন, ইউপি ভবন নির্মাণের জন্য প্রায় ৮০ শতক জমির প্রয়োজন। কিন্তু পরিষদ ভবন নির্মাণের জন্য নিজস্ব কোনো জমি না থাকায় স্থান নির্ধারণ নিয়ে কিছুটা দ্বিধায় ছিলাম। বর্তমানে বিনামূল্যে জমি দিতে সম্মত হয়েছে স্থানীয়রা। এ ছাড়া মনির বাজারে সরকারি সেন্টার থাকায় সেখানে ভবন নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।