কালবেলা · সাধারণ
চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ১০ জনের বিরুদ্ধে মামলা
১১/১০/২০২৬

বগুড়ায় চুরির অভিযোগে রিপন মুর্মু (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। এতে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। ঝালাই মেশিন চুরির অভিযোগে রিপনকে মারধর করে হত্যার অভিযোগে শনিবার রাতে তার বাবা মোসেজ মুর্মু মামলা করেছেন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী।
নিহত রিপনের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেলোয়া বামনপাড়ায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন চাঁদপাড়া গ্রামের ঝালাই মেশিনের দোকানমালিক রেজাউল করিম এবং একই এলাকার আব্দুর রশিদের ছেলে আবু তালহা সেলিম।
রিপনের পরিবারের সদস্যরা জানান, প্রায় আট থেকে দশ বছর ধরে তিনি বগুড়া সদর উপজেলার চাঁদপাড়া এলাকায় আক্তার রহমান ডিউকের ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পাশাপাশি নৈশপ্রহরীর দায়িত্বও পালন করতেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার সকাল ৯টার দিকে রেজাউল করিমের দোকান থেকে একটি ঝালাই মেশিন চুরির অভিযোগে রিপনকে মারধর করা হয়। রেজাউল করিম ও সেলিম তাকে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তার কাছে ২০ হাজার টাকা ক্ষতিপূরণও দাবি করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় ইটভাটায় রিপনের থাকার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অভিযোগ অনুযায়ী, এরপর সেলিম একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে রিপনের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি আবার বগুড়ায় নিয়ে আসেন।
মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মূল প্রতিবেদনে যান ↗