ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসিকে ছাড়াই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
এই দুই ম্যাচ দিয়েই মেসি-পরবর্তী যুগের আনুষ্ঠানিক সূচনা হবে আর্জেন্টাইনদের।
আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
রিও দে লা প্লাতা ডার্বি হিসেবে পরিচিত দুই দলের লড়াইটি অনুষ্ঠিত হওয়ার কথা বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায়। তবে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে লা প্লাতার এস্তাদিও উনিকো।
সংস্কারকাজ চলায় এখনো ভেন্যুটি চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
এর চার দিন পর, ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
এর আগে নিজেদের সর্বশেষ সফরে এই কর্দোবাতেই বলিভিয়াকে হারিয়েছিল আলবিসেলেস্তেরা।
মেসির বিদায়ের পর এই ম্যাচ দুটি আর্জেন্টিনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বেনিনের বিপক্ষে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছেন রোজারিওতে জন্ম নেওয়া এই মহাতারকা। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচের দিনটি ছিল আবেগঘন।
মেসির পাশাপাশি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও। ফলে বছরের শেষ ফিফা আন্তর্জাতিক বিরতিতে এই দুই তারকাকে ছাড়াই দল সাজাতে হবে কোচ লিওনেল স্কালোনিকে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো।
২০২৭ সালের মার্চে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে বিভিন্ন একাদশ পরখ করে দেখার সুযোগ পাবেন স্কালোনি। তবে সহ-আয়োজক হিসেবে আর্জেন্টিনা ২০৩০ বিশ্বকাপে আগেই জায়গা নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে স্কালোনির চুক্তি নবায়ন নিয়েও অগ্রগতির সম্ভাবনা রয়েছে। বেনিনের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেছিলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমি দায়িত্ব চালিয়ে যাব।’
নভেম্বরের এই দুই প্রীতি ম্যাচে তাই একদিকে যেমন মেসিবিহীন দলকে নতুনভাবে গড়ে তোলার পরীক্ষা, অন্যদিকে তেমনি স্কালোনির অধীনে ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নেওয়ার সুযোগ পাবে আর্জেন্টিনা।
