দিনাজপুরের কাহারোল উপজেলায় শত্রুতার জেরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৪৫ মণ মাছ নিধন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম আলামত মেম্বার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লিজ ও দলিল সূত্রে পুকুরটির মালিক যৌথভাবে মোহাম্মদ মফিজ আলী, মোহাম্মদ আব্দুল ফারুক, মোহাম্মদ পিয়ার আলী ও মো. খমির উদ্দীন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি ও পুকুর কেন্দ্রিক নানা বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৮ অক্টোবর পুকুরে মাছ ধরতে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্য মোছা. নাসরিন আক্তারকে (১৯) মারধর করা হয়। তিনি প্রথমে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
উক্ত ঘটনার ধারাবাহিকতায় শুক্রবার ও শনিবার রাতে দুষ্কৃতকারীরা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ফেলে দেয়। এতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৪৫ মণ মাছ মরে ভেসে ওঠে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় বাসিন্দা আব্দুল খালেকের প্ররোচনায় মো. মোমিনুল ও মো. তোরাব আলী এ ঘটনায় সরাসরি জড়িত।
ঘটনার বিষয়ে সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন, তবে এখনো ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেননি।
কাহারোল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, লিখিত অভিযোগ সাপেক্ষে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর
