ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক ময়দান। গতকাল শনিবার দুপুরে শহরের জেলা স্কুল বড়মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমেই বিএনপিকে ‘লাল কার্ড’ দেখানো হবে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির সমালোচনা করে বলেন, গত কয়েক মাসে সরকারের ভেতরে নানা অস্থিরতা ও মন্ত্রী-এমপির পদত্যাগের ঘটনা ঘটেছে। বিএনপি আজ লুটেরা ও দুর্নীতির হাট বসিয়েছে। ১৯৭১ সাল নিয়ে দলটির নেতারা মিথ্যাচার করছেন দাবি করে তিনি বলেন, সাধারণ কৃষকের সার ও অধিকার মেরে খাওয়া এবং চাঁদাবাজি-দখলদারির রাজনীতি করা দলটির দিন ফুরিয়ে আসছে।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন তোলেন, অতীতে বিএনপি বারবার ক্ষমতায় থাকার পরও কেন এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ বা বিমানবন্দর নির্মিত হলো না? তিনি অভিযোগ করেন, অতীতে বরাদ্দকৃত সমস্ত অর্থ বিএনপির নেতাকর্মীরা লুটপাট করে খেয়েছে। তাই এলাকার স্বার্থে ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি। নির্বাচন প্রসঙ্গে হুশিয়ারি উচ্চারণ করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কোনো ধরনের কারচুপি বা টালবাহানা করার চেষ্টা করা হলে ভোটকেন্দ্র থেকে শুরু করে নির্বাচন অফিস ঘেরাও করা হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। প্রধান বক্তা ছিলেন ১১-দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
