ভালোবাসার শুরু যতটা মধুর, তার পরিণতি কখনো কখনো ততটাই বেদনাদায়ক। সম্পর্ক ভেঙে গেলেও রয়ে যায় স্মৃতি, জমে থাকে অভিমান। মনের গভীরে বারবার ফিরে আসে একটি প্রশ্ন ‘ভালো আছো তো?’ প্রেম, অতীতের ক্ষত, ভুল-বোঝাবুঝি ও বিচ্ছেদের মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ভালো আছো তো?’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। শুক্রবার সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।
নাটকটির গল্পে ভালোবাসা, মায়া, অভিমান ও বিচ্ছেদের নানা মুহূর্ত উঠে এসেছে। প্রেমের মধ্য দিয়ে গল্পের সূচনা হলেও সময়ের সঙ্গে জটিল হতে থাকে সম্পর্ক। ভুল-বোঝাবুঝি ও অতীতের ক্ষত একপর্যায়ে দুজনকে বিচ্ছেদের পথে ঠেলে দেয়। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও প্রাক্তন মানুষের প্রতি থেকে যাওয়া অনুভূতি এবং না-বলা কথাগুলোই গল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির একটি পোস্টার প্রকাশ করে অপূর্ব লিখেছেন, ‘সম্পর্ক নষ্ট করলেও সুন্দরভাবে করতে হয়। কিন্তু আমরা এমনভাবে নষ্ট করি যে, দেখা হলেও বলতে পারি না কেমন আছো? ভালো আছো তো?’
এর আগে ‘মন দুয়ারী’ ও ‘মেঘবালিকা’ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন অপূর্ব ও নিহা। নতুন নাটকটিতে আবারও ভিন্ন এক আবেগঘন গল্পে দেখা গেছে এই জুটিকে। সম্পর্কের ভাঙন, বিচ্ছেদের পরের অনুভূতি এবং প্রাক্তন মানুষের প্রতি জমে থাকা প্রশ্নগুলো দর্শকের মনে কতটা দাগ কাটে, এখন সেটিই দেখার অপেক্ষা।
এমএমটি
-20261024072659.jpg&w=1440&q=75)