ঢাকা: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও সরকারের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, আব্দুল আউয়াল মিন্টু ও মিজানুর রহমান মিনু।
তাদের মধ্যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরের পর বাসায় ফিরেছেন বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। অন্য দুই মন্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিন মন্ত্রীর পরিবারের সদস্য, দল ও সরকারের পক্ষ থেকে তাদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান গত বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সিসিইউতে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তার দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গত বুধবার (২১ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রক্তশূন্যতার কারণে তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্থানান্তর করা হয় তাকে।
বৃহস্পতিবার মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে রাজশাহী থেকে বিএমইউতে নেওয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মেডিক্যাল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছে। চিকিৎসকেরা তাকে বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। সেগুলো করা হচ্ছে। বর্তমানে মন্ত্রী কিছুটা সুস্থতার দিকে রয়েছেন। নিজের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
অন্যদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান ও বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বুধবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হন। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরের পর বাসায় ফেরেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আব্দুল আউয়াল মিন্টু লেখেন, অসুস্থ বোধ করায় তিনি হাসপাতালে গিয়েছিলেন। তবে বিষয়টি তেমন গুরুতর ছিল না। বর্তমানে তিনি ভালো আছেন এবং সুস্থতার পথে রয়েছেন বলে জানান।
তিন মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় তাদের পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
