দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে ক্যামেরন গ্রিনের খেলার সম্ভাবনা দেখছেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ ম্যাথু ওয়েড।
Published : 15 Oct 2026, 10:46 PM
Updated : 15 Oct 2026, 10:46 PM
চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ক্যামেরন গ্রিন। তবে এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের টেস্টেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
আগামী রোববার গেবেখায় শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে ২১৪ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে সফরকারীরা।
দক্ষিণ আফ্রিকায় এই সফরেই ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান গ্রিন। কর্বিন বশের একটি ফুলটস বল তার তলপেটে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
প্রাথমিক চিকিৎসা নিয়ে পরের বল ছক্কায় ওড়ান গ্রিন। কিন্তু তার চোখেমুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। পরের বলে কট বিহাইন্ড হয়ে বিদায় নেন তিনি। ওই চোটে ডারবানে অনুষ্ঠিত প্রথম টেস্ট থেকে ছিটকে যান গ্রিন।
পেটের পেশিতে চোট পাওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো নেটে ব্যাটিং অনুশীলন করেন গ্রিন। তবে এদিন কেবল হালকা থ্রো-ডাউনে ব্যাটিং করেন তিনি। এরপর স্লিপে ক্যাচ নেওয়ার অনুশীলনও করতে দেখা যায় তাকে। পরে চিকিৎসকদের উপস্থিতিতে আরও একটি ফিটনেস সেশন করেন তিনি।
এর আগে প্রথম টেস্ট চলার সময় ফিটনেস নিয়ে কাজ করেন গ্রিন। তাকে পরের ম্যাচে পাওয়ার আশা করছেন না অস্ট্রেলিয়ার সহকারী কোচ ম্যাথু ওয়েডও। সেন্ট জর্জে’স পার্কে অস্ট্রেলিয়ার প্রথম অনুশিলন সেশনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃতীয় টেস্টে খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে গ্রিন।
“আজকে সে এখানে আছে, তার সেরে ওঠার প্রক্রিয়া সম্পর্কে আমি নিশ্চিত নই। তবে আগামী সপ্তাহ ধরে সে ব্যাটিং অনুশীলন করবে…আমার মনে হয়, সে তৃতীয় টেস্টে ফেরার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সে অনুশীলন শুরু করেছে, এটাই ইতিবাচক দিক।”
অস্ট্রেলিয়া প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, গ্রিন ফিট হয়ে ফিরলেও সিরিজের কোনো পর্যায়েই তার বোলিং করার সম্ভাবনা কম। কেবল ব্যাটসম্যান হিসেবে খেলতে হবে তাকে।
ডারবানে গ্রিনের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে হয়। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে দুই ইনিংসে ১৯০ ও ৮২ রান করেন ম্যাট রেনশ। গত আগস্টে বাংলাদেশের বিপক্ষে দারুণ একটি সিরিজ খেলার পর পাঁচ নম্বরে নিজের জায়গা পাকা করার সম্ভাবনা তৈরি করেছিলেন গ্রিন।
আঙুলের চোট কাটিয়ে ফেরার পথে আরও এগিয়েছেন জশ ইংলিস। আগামী কয়েক দিনে ব্যাটিং অনুশীলনের তীব্রতা বাড়াবেন তিনি। বৃহস্পতিবার নেটে স্কট বোল্যান্ড ও মাইকেল নিসারের পূর্ণ রান-আপে করা বল মোকাবিলা করেন ইংলিস।
“এই টেস্টে খেলার চেষ্টা করছে সে। তার আঙুল শতভাগ ঠিক হয়েছে কি না, আমি নিশ্চিত নই। তবে নিজেকে দলের বিবেচনায় রাখার চেষ্টা করছে।”
