মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি বরাদ্দের সার অন্য উপজেলায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে এক সাব-ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১১ বস্তা সারসহ ভ্যান আটকে রাখেন স্থানীয় কৃষক ও জনতা। গতকাল শুক্রবার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর প্রধান সড়কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাবিবুর রহমান হবি দীপু ট্রেডার্সের সাব-ডিলার। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের ১১ বস্তা সার পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নবদিয়া গ্রামের মামুন মিয়ার কাছে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সমেতপুর প্রধান সড়কে সারবোঝাই ভ্যানটি দেখে আটকে রেখে প্রশাসনকে জানানো হয়। ঘটনাস্থলে এসে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাব-ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করেন।