হতাশার এক ত্রিদেশীয় সিরিজ কাটিয়ে গত বৃহস্পতিবারই দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। তবে শোক পালনের সুযোগ নেই টেস্ট অধিনায়কের। সামনে বড় অ্যাসাইনমেন্ট। আর সেই লক্ষ্য সামনে রেখেই মাত্র একদিন বিশ্রাম নিয়ে আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হাজির অধিনায়ক। একাডেমি মাঠে করেছেন ব্যাটিং অনুশীলন, কোচ-সতীর্থদের নিয়ে সেরেছেন কিছু আলোচনাও।
বিজ্ঞাপন
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিদায়ের পরদিনই দেশের বিমান ধরেছেন নাজমুল হোসেনসহ দলের একাংশ। বাকি অংশ দেশে ফিরেছে গতকাল। ফলে অনুশীলনে দলের সবাইকে পাওয়া যায়নি। অধিনায়কসহ সব মিলিয়ে ছিলেন সাতজন।
ওয়ানডে দলের বাইরে থাকায় দেশেই গত ২০ অক্টোবর থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইবাদত হোসেন, নাঈম হাসান ও তাইজুল ইসলামরা। গতকাল তাদের সঙ্গে যুক্ত হয়েছেন শান্ত।
তবে এদিন অনুশীলনে সবচেয়ে বেশি নজর ছিল নতুন সহকারী কোচ মালিবংওয়ে মাকেতার দিকে। নতুন নিয়োগ পাওয়া দক্ষিণ আফ্রিকান এই কোচ এবারই প্রথম বাংলাদেশে এলেন। এর আগে সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন তিনি।
প্রথম দিনেই খেলোয়াড়দের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করতে দেখা গেছে মাকেতাকে। থ্রোয়ার হয়ে বলও ছুড়েছেন ব্যাটারদের। টেস্টে বাংলাদেশের বিশেষজ্ঞ ব্যাটার মুমিনুল হকের দিকে বিশেষভাবে নজর দিতে দেখা গেছে তাকে।
মুমিনুলের মতো নেটে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন অধিনায়ক শান্তও। টেস্টের মেজাজে নিজেকে ঝালিয়ে নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ের বিভিন্ন দিক নিয়ে কাজ করেছেন তিনি। একইভাবে অনুশীলন করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকও।
নেটে বোলিং অনুশীলন করেছেন তাইজুল ইসলাম, ইবাদত হোসেন এবং নাঈম হাসান। অনুশীলনে দলের সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও।
আজ থেকে সিরিজের আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক ব্যর্থতা পেছনে ফেলে এবার টেস্টে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। সীমিত ওভারের ক্রিকেটে হতাশাজনক পারফরম্যান্সের পর লাল বলের ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজটি আরো একটি কারণে গুরুত্বপূর্ণ শান্তদের জন্য। কারণ এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
আগামী বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু ৫ নভেম্বর।
-d9af6c.jpg&w=1440&q=75)