প্রতিনিধি, মৌলভীবাজার · ১১ অক্টোবর, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
মৌলভীবাজারে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করণে ফের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি মামলায় মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত শহরের শমসেরনগর রোড, সেন্ট্রাল রোড ও কুসুমবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস।
অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে দোকান সম্প্রসারণ এবং হকারদের কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারায় বর্ণিত অপরাধের দায়ে ১০৯ ধারার বিধান অনুযায়ী ১১টি মামলায় মোট ১২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে মৌলভীবাজার পৌরসভা সহযোগিতা করে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসারের দুটি দল দায়িত্ব পালন করে।
জেলা প্রশাসন জানিয়েছে, সড়ক ও ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখা, যানজট কমানো এবং জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। নগরের স্বাভাবিক চলাচল ও শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গুগলে আমাদের খবর পেতে
