গত কয়েক বছরে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে আফগানিস্তান। সেই বার্তা দিয়ে বাংলাদেশকেও গুরুত্বের সঙ্গে নিচ্ছেন বলে জানিয়েছেন আফগান কোচ। এদিকে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে আফগানিস্তান। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন হিসাবের মুখে বাংলাদেশ।
লিগ পর্বের শেষ ম্যাচে আগামীকাল (২১ অক্টোবর) আফগানদের বিপক্ষেই মাঠে নামবে বাংলাদেশ। জয় আনতে পারলে তিন দলের পয়েন্ট সমান ২ করে হলেও নেট রানরেটে এগিয়ে আছে আফগানিস্তান। তাই ফাইনালে জায়গা করে নিতে হলে শুধু জয় নয়, রানরেটের হিসাবেও এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে।
জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারানোর পরও বাংলাদেশকে নিয়ে সতর্ক আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস। সংবাদ সম্মেলনে বাংলাদেশের শক্তিমত্তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো দল। তারা সব ফরম্যাটেই অনেক উন্নতি করেছে। মাঠে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ব্যাপারটা আমরা জানি। মিরপুরে তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। প্রথম ম্যাচে হারটা তারা একদমই ভালোভাবে নেবে না। ফলে আমাদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়তে চাইবে।’
ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের সামনে এখন জয়ের বিকল্প নেই। অন্যদিকে, জিম্বাবুয়ের সামনে সুযোগ ছিল হারলেও ফাইনালে ওঠার সমীকরণে টিকে থাকার। আফগানিস্তানের বিপক্ষে ১৯৬ রান পেরোতে পারলেই ফাইনাল নিশ্চিত হতো তাদের। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর আগেই অলআউট হয়ে যায় দলটি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের প্রতিনিধি ব্রায়ান বেনেট রানরেটের হিসাব নিয়ে নিজের অজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘(সমীকরণ নিয়ে) না, আমার একদমই ধারণা নেই।’
হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে উইকেট ও ব্যাটিং ব্যর্থতার বিষয়টিও সামনে আনেন বেনেট। তিনি বলেন, ‘প্রথম ম্যাচের মতো সুইং হয়নি আজকে। উইকেট অনেক ভালো ছিল আজ। ব্যাটাররা নিজেদের কাজটা করতে পারেনি। এজন্য আমরা আজ হেরেছি।’
