‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম নাহিদ।
অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. গোলাম মোস্তফার নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণ ও জরুরি উদ্ধারকাজের একটি মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার বাস্তব কৌশল তুলে ধরা হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে প্রকৌশলী মো. শমসের হোসেন, পল্লী ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিএফ) কর্মকর্তা মো. সাহাদত হোসেন এবং সমাজসেবক ইয়াছিনুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক সচেতনতা ও আগাম প্রস্তুতির বিকল্প নেই। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
জেএইচআর
