খুলনা গেজেট অক্টোবর ১৭, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩৩ রানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমান ক্রিকেট একাডেমি মাঠে শনিবার (১৭ অক্টোবর ) আগে ব্যাট করে ২৫০ রানের পুঁজি দাঁড় করায় তারা। জবাবে ২১৭ রানে গুটিয়ে যায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশকে লড়াইয়ে পুঁজি এনে দেন মূলত এসকে জারিফ সিয়াম, রাকিবুল হাসান ও আহসান আল মুমিন। তিন জনের পঞ্চাশছোঁয়া ইনিংসে আড়াইশ ছুঁতে পারে বাংলাদেশ। পরে যুব ওয়ানডেতে নিজের অভিষেক ম্যাচে ৫ উইকেট নেন রুবাই ইসলাম রিজন। বাংলাদেশের হয়ে যুব ওয়ানডে অভিষেকে এটিই প্রথম ৫ উইকেট। এর আগে রেকর্ড ছিল রিপন মন্ডলের ২০ রানে ৪ উইকেট।
রান তাড়ায় আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন পাঁচ নম্বরে নামা কিপার-ব্যাটার হামজা খান। এছাড়া প্রথম আট ব্যাটারের বাকি সাতজন ১৫ ছুঁয়েও ৩০ রান করতে পারেননি। ফলে পরাজয়ই সঙ্গী হয় তাদের। ম্যাচের প্রথম ইনিংসে চমৎকার ব্যাটিংয়ে ৫ চারে ৫৩ বলে ৫০ রান করেন জারিফ। তবু এক পর্যায়ে ১১১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে দলকে বিপদ থেকে উদ্ধার করে ১১৭ রানের জুটি গড়েন রাকিবুল ও আহসান। যুব ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে এটিই বাংলাদেশের সেরা জুটি। আগের রেকর্ড ছিল ২০০৯ সালে সাব্বির রহমান ও মাহমুদুল হাসানের ১০০ রান। আহসান ৪ চারে ৭০ বলে ৫৪ রান করে আউট হন। তবে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬ চার ও ১ ছক্কায় ৭৮ বলে ৭৯ রান করেন রাকিবুল।
একই মাঠে সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
খুলনা গেজেট/উউরা
