নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার উত্তর শীলমান্দী দড়িপাড়া ভূঁইয়ার মোড় এলাকায় দীর্ঘদিন ধরে জমি দখল, জালিয়াতি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। আজ (২০ অক্টোবর) ‘উত্তর শীলমান্দী দড়িপাড়ার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন ও মানববন্ধনে ভুক্তভোগী মো: সবুজ মিয়া, চাই মিয়া, কুলসুম বেগম ও সরুফা বেগমসহ এলাকার অন্যান্য ভুক্তভোগীরা জানান, গত ১৬-১৭ বছর ধরে উত্তর শীলমান্দী দড়িপাড়া ভূঁইয়ার মোড় এলাকায় জমি দখল ও জালিয়াতির অপচেষ্টা চালানো হচ্ছে। “মোসলেহ উদ্দিনের স্ত্রী সালেহা বেগম, তাঁর বড় মেয়ের জামাতা কামাল, দ্বিতীয় মেয়ের জামাতা হারুনুর রশীদ এবং তৃতীয় মেয়ের জামাতা পরস্পর যোগসাজশ করে আমাদের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের পাঁয়তারা করছে। তারা ভাড়াটে সন্ত্রাসী ও কথিত ক্যাডারদের দিয়ে আমাদের জমি দখল করতে চায় এবং প্রতিবাদ করলে আমাদের প্রাণনাশের হুমকি ও নানাভাবে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।”
সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা আরও বলেন, জমি দখল ও হুমকির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের অবিলম্বে সুষ্ঠু তদন্ত প্রয়োজন। প্রভাবশালীদের অন্যায় দখলদারিত্ব থেকে সাধারণ মানুষের সম্পত্তি রক্ষা ও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ অত্যন্ত জরুরি।
কর্মসূচি থেকে অভিযুক্তদের জালিয়াতি ও হুমকি প্রদানের বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জমির প্রকৃত মালিকানা যাচাই নিশ্চিত করা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উত্তর শীলমান্দী দড়িপাড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে ভুক্তভোগীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।
