পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। একইসঙ্গে তাঁকে ২৫৫ ইউরো জরিমানাও করা হয়েছে।
কোচ জর্জে জেজুসের সঙ্গে মতবিরোধের জেরে নেশন্স লিগ চলাকালে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। এ ঘটনার পর তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে ফেডারেশন। সেই ধারাবাহিকতায় সোমবার শাস্তির ঘোষণা দেওয়া হয়।
ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল জানিয়েছে, ৪১ বছর বয়সী রোনালদোর বিরুদ্ধে আনা অভিযোগ বহাল রাখা হয়েছে। তাঁকে ৩০ দিনের নিষেধাজ্ঞার পাশাপাশি ২৫৫ ইউরো জরিমানা করা হয়েছে। ডিসিপ্লিনারি কমিটির ভাষ্য অনুযায়ী, রোনালদো ইচ্ছাকৃতভাবে এই অপরাধ করেছেন। অভিযোগ পাওয়ার পর গত ৯ অক্টোবর তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে এফপিএফ।
তবে এই নিষেধাজ্ঞার আওতায় কোন কোন ম্যাচ বা কার্যক্রম পড়বে, তা ফেডারেশনের বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। এর আগে আরোপ করা সাময়িক নিষেধাজ্ঞার সঙ্গে ৩০ দিনের শাস্তি সমন্বয় করা হবে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
ঘটনার কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে সতীর্থদের কাছে ক্ষমা চান রোনালদো। তবে কোচের বিরুদ্ধে ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ অভিযোগও তোলেন তিনি।
নরওয়ের বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের অভিবাদন না জানানো এবং সতীর্থদের ছেড়ে চলে যাওয়ার ঘটনায় অনুতপ্ত বলে জানান এই তারকা ফুটবলার। তিনি বলেন, যেকোনো শাস্তিই মেনে নিতে প্রস্তুত এবং এখনো পর্তুগালের হয়ে খেলতে চান।
এদিকে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা জানিয়েছেন, বিষয়টির নিষ্পত্তি হলে ফেডারেশনের সবাই রোনালদোকে আবার জাতীয় দলে দেখতে চান।
