চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল পাচারকালে একটি মিনি পিকআপ জব্দ করেছে স্থানীয় প্রশাসন। আজ রোববার (১১ অক্টোবর) রাতে চাঁদপুর শহরের বিপণিবাগ এলাকা থেকে পাঁচ টন চালসহ মিনি পিকআপটি জব্দ করা হয়।
এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
এগুলো মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জেলেদের সহায়তার জন্য বরাদ্দ করা সরকারি চাল। নিয়ম অনুযায়ী, এসব চাল বিতরণের কথা সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে।
অভিযোগ উঠেছে, জেলেদের মধ্যে বিতরণ না করে প্রায় পাঁচ টন চাল বিক্রি করে দেওয়া হয় এক ব্যবসায়ীর কাছে। পরে চালগুলো বিক্রির উদ্দেশ্যে একটি মিনি পিকআপে করে লাকসামে নিয়ে যাওয়া হচ্ছিল।
এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে চাল উদ্ধারে তৎপর হয় প্রশাসন। প্রশাসনের তৎপরতায় গাড়িটি হাজীগঞ্জ থেকে ঘুরিয়ে চাঁদপুর শহরের বিপণিবাগ এলাকায় নিয়ে আসা হয়। সেখানে অভিযান চালিয়ে মিনি পিকআপটি থেকে পাঁচ টন চাল জব্দ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম।
সহকারী কমিশনার জানান, জেলেদের জন্য বরাদ্দ করা চাল নির্ধারিত ইউনিয়নে না নিয়ে অন্যত্র বিক্রির অভিযোগ আসায় আমরা অভিযান চালিয়ে চালসহ পিকআপটি জব্দ করি। এ ছাড়া এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উদ্ধার করা চাল পুনরায় কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি গোডাউন) রাখা হয়েছে।
