তিনি বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী দেশে ব্যাপকভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণের উদ্যোগ নেয়া হচ্ছে। এ ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হবে। কিন্তু বাজারে প্রচুর নকল ও ভেজাল ব্যাটারি আসার আশঙ্কা রয়েছে কিনা, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ, ব্যাটারি এ ব্যবস্থার একটি অপরিহার্য অংশ
দেশে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণের সঙ্গে বাজারে নকল ও ভেজাল লিথিয়াম ব্যাটারি আসার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুল আমিন। তিনি বলেছেন, ‘বাজারে প্রচুর নকল ও ভেজাল ব্যাটারি আসার আশঙ্কা রয়েছে কিনা, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত ‘গ্রিন ডায়ালগ: জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ শীর্ষক আয়োজনে আজ এসব কথা বলেন তিনি।
নুরুল আমিন বলেন, আমি ভাবছিলাম, আমাদের কৃষকদের সেচপাম্পগুলোকে সোলার প্যানেলের আওতায় আনা যায় কিনা। এ বিষয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে আমি দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। আমার মনে হয়, আজকের এই আলোচনা থেকে এ বিষয়ে কিছু কার্যকর সুপারিশ বা সিদ্ধান্ত আসতে পারে।
তিনি বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী দেশে ব্যাপকভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণের উদ্যোগ নেয়া হচ্ছে। এ ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হবে। কিন্তু বাজারে প্রচুর নকল ও ভেজাল ব্যাটারি আসার আশঙ্কা রয়েছে কিনা, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ, ব্যাটারি এ ব্যবস্থার একটি অপরিহার্য অংশ।
নুরুল আমিন আরো বলেন, দ্বিতীয়ত, একজন ব্যক্তি আমাকে জানিয়েছেন, বাংলাদেশের ধুলাবালির কারণে সৌর প্যানেল প্রতি মাসে অন্তত একবার পরিষ্কার করতে হয়। বিষয়টি আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সৌরবিদ্যুতের সঙ্গে অভিযোজনের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। এখন পর্যন্ত যেসব স্থানে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার কোনো ব্যবস্থা বা নির্দেশনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন। তা না হলে প্যানেলের কার্যকারিতা কমে যেতে পারে।
‘গ্রিন ডায়ালগ: জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ আয়োজনটি সঞ্চালনা করছেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। অনুষ্ঠানে দেশের জলবায়ু, পরিবেশবান্ধব জ্বালানি ও অর্থনীতির বিভিন্ন খাতের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, কূটনীতিক, উদ্যোক্তা ও দেশী-বিদেশী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
