প্রতিনিধি, সুনামগঞ্জ · ১২ অক্টোবর, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন
সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর খেলার মাঠে বাণিজ্য মেলা শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পর আয়োজন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
তিনি বলেন, “আমাদের সন্তানদের লেখাপড়া আগে। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার আগে নয়, মেলা হবে পরীক্ষার পরে। আমরা ব্যবসা-বাণিজ্যের প্রসার চাই, ব্যবসায়ীদের স্বার্থের বিষয়টিও দেখব। তবে সবকিছুর আগে থাকবে শিক্ষার্থীদের লেখাপড়া।”
একইভাবে বার্ষিক পরীক্ষার পর বাণিজ্য মেলা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. শামসুল হক। তিনি জানিয়েছেন, মেলা আয়োজনের ক্ষেত্রে এলাকাবাসীর যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
এদিকে, ষোলঘর খেলার মাঠে বাণিজ্য মেলা আয়োজন নিয়ে স্থানীয়দের মধ্যে আবাসিক এলাকার পরিবেশ ও জনদুর্ভোগের বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে। একেবারে আবাসিক এলাকার ভেতরে মেলা আয়োজন না করার দাবিও জানিয়েছেন স্থানীয়রা।
তবে স্থানীয়দের এ দাবির বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। ফলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পর মেলা আয়োজনের বিষয়টি নিশ্চিত হলেও আবাসিক এলাকার ভেতরে মেলা আয়োজন করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
গুগলে আমাদের খবর পেতে
