মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৩ নম্বর পুটিখালী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাচ্চু। স্থানীয়দের প্রত্যাশা, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি শুধু নির্বাচনের সময় নয়, বরং নির্বাচনের আগেও এবং পরেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন। সুখে-দুঃখে জনগণের খোঁজ রাখবেন এবং এলাকার মানুষের সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবেন। স্থানীয় কয়েকজনের ভাষ্য, বিএনপির দুঃসময়ে জাহিদুল ইসলাম বাচ্চু দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে ভূমিকা রেখেছেন। সেই অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে সম্পৃক্ততাকে সামনে রেখে তাঁকে নিয়ে আশাবাদী স্থানীয়দের একাংশ।
চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বাচ্চু বলেন, “আমি পুটিখালী ইউনিয়নের মানুষের ভালোবাসা ও প্রত্যাশাকে সম্মান জানিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। আমার লক্ষ্য শুধু চেয়ারম্যান হওয়া নয়, বরং ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা ভাগ করে নেওয়া। আমি নির্বাচিত হই বা না হই, মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করব। জনগণের সমস্যা শুনব এবং সাধ্যমতো সমাধানের উদ্যোগ নেব। পুটিখালী ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি গুরুত্ব দিতে চান। স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনে যিনিই দায়িত্ব পান, তিনি যেন জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে আন্তরিকভাবে কাজ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
