গোবিন্দগঞ্জে শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, আহত বাবা-মা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:১৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছের ডাল ভাঙাকে কেন্দ্র করে ১১ বছরের এক শিশুকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। শিশুটিকে বাঁচাতে গিয়ে তার বাবা-মাও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শিশুটির মা পারভীন বেগম (৪০) ছয়জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। সোমবার (১২ অক্টোবর) তিনি এ অভিযোগ দেন।
অভিযুক্তরা হলেন একই গ্রামের রফিকুল ইসলাম (৪৮), আব্দুল করিম (৫৫), মর্জিনা বেগম (৪০), জোবেদা বেগম (৪৫), রাহিমা খাতুন (১৯) ও রিতা খাতুন (২১)। অভিযোগে বলা হয়েছে, তাঁরা পারভীন বেগমের আত্মীয়। পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর সকাল ১০টার দিকে পারভীন বেগমের মেয়ে সেতু খাতুন একটি কড়ই গাছের স্তূপ থেকে ভুলবশত একটি ডাল ভেঙে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে রফিকুল ইসলাম শিশুটিকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে নিয়ে যান। পরে রশি দিয়ে গাছের সঙ্গে হাত-পা বেঁধে ডালপালা দিয়ে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিশুটির চিৎকার শুনে মা পারভীন বেগম তাকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় আব্দুল করিমের নির্দেশে রফিকুল ইসলাম ও মর্জিনা বেগম লাঠি ও লোহার রড দিয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। রফিকুল ইসলাম তাঁর চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন এবং পোশাক ধরে টান দেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
স্ত্রী ও মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে পারভীনের স্বামী রেজাউল করিমকেও রফিকুল ইসলাম ও রিতা খাতুন মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় পারভীনের কান থেকে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের এক জোড়া স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। পরে হামলাকারীরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে।
আহত রেজাউল করিম, পারভীন বেগম ও তাঁদের মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

