চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ২৬ বছর বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহাসড়ক পারাপার বা চলাচলের সময় ওই পথচারীকে জোনাকী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে যায়।
খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় জড়িত বাসটিও শনাক্ত করতে পারেনি পুলিশ।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মিল্টন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মাদামবিবিরহাট এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন।
তিনি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
The post সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর appeared first on বাংলাধারা.
