প্রতিবেশী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বিজেপি নেতার ছেলে। জানাজানি হতে অশান্তি চরমে ওঠে। এসবের মাঝেই প্রতিবেশীর গোয়াল থেকে উদ্ধার যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে যুবককে। কিন্তু কেন? নেপথ্যে রাজনীতি নাকি প্রেম? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মালদহের গাজোল থানার বাবুপুর গ্রাম পঞ্চায়েতের সিংহইল গ্রামের বিজেপির বুথ সভাপতি মাঝি মুর্মু। তাঁর ছেলে বিপ্লব মুর্মু। প্রতিবেশী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিপ্লবের। তা জানাজানি হতে অশান্তি চরমে উঠেছিল। পরিবার সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন যুবক। এরপর আর ফেরেননি। পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজখবর করা হলেও লাভ হয়নি। সোমবার সকালে প্রতিবেশীর খামারে বিপ্লবের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বিপ্লবের পরিবারের সদস্যরা ছুটে যান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়।
ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রেমঘটিত অশান্তির কারণেই খুন করা হয়ে থাকতে পারে যুবককে। তবে বিজেপি নেতা হিসেবে এলাকায় যথেষ্ট দাপট রয়েছে মাঝির। সেই আক্রোশে তাঁর ছেলে খুন করার আশঙ্কাও উড়িয়ে দিতে পারছে না পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুই রহস্যভেদ হবে।
