এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) কোটা পূরণ ও দ্রুত কর্মী পাঠাতে এইচআরডি কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
বৃহস্পতিবার কোরিয়ার সিউলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (এইচআরডি) কোরিয়ার পক্ষে নেতৃত্ব দেন সংস্থাটির সভাপতি লি বিয়ং-হুন।
বিজ্ঞাপন
এ সময় দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের পরিধি সম্প্রসারণ, স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং বাংলাদেশে কোরীয় বিনিয়োগের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এ ছাড়া বৈঠকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) কাঠামোর আওতায় দুদেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করা, কোরিয়ায় কর্মসংস্থানের অপেক্ষায় থাকা বাংলাদেশি কর্মীদের নির্ধারিত কোটা পূরণ এবং সময়মতো তাঁদের কোরিয়ায় প্রেরণের সার্বিক প্রক্রিয়া সহজীকরণ নিয়েও আলোচনা হয়।
দ্বিপাক্ষিক এ বৈঠকে এইচআরডি কোরিয়ার সভাপতি কোরিয়ার অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের দক্ষতা, নিষ্ঠা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং স্বীকৃতি প্রদান করেন। পাশাপাশি সরকার-টু-সরকার (জি-টু-জি) নিয়োগ কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং একটি সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল নিয়োগ প্রক্রিয়া বজায় রাখার ওপর জোর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশে কোরীয় বিনিয়োগ আকর্ষণে বৈঠক
একই দিনে প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। ডেভিডের নেতৃত্বাধীন এই কোরীয় বিনিয়োগকারী দলের সঙ্গে আলোচনায় বাংলাদেশে বিভিন্ন বিকাশমান খাতে কোরীয় বিনিয়োগের অনুকূল পরিবেশ ও সম্ভাবনার বিষয়টি বিশদভাবে উপস্থাপন করা হয়। কোরীয় বিনিয়োগকারী দলটি বাংলাদেশে বিনিয়োগের চমৎকার সুযোগ ও সুবিধা গ্রহণে গভীর আগ্রহ প্রকাশ করে।
