Published : 18 Oct 2026, 06:24 PM
Updated : 18 Oct 2026, 06:24 PM
চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ৪ সাংবাদিক। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে রোববার আত্মসমর্পন করে জামিন আবেদন করেন তারা।
তাদের পক্ষে শেখ আছিবুর রহমান আসিফ জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তাদের জামিনের আদেশ দেয় বলে তথ্য দিয়েছেন অ্যাডভোকেট আসিফ।
জামিন পাওয়া ওই ৪ সাংবাদিক হলেন- দৈনিক ঢাকার সময়ের অপরাধ বিষয়ক প্রতিবেদক সাজ্জাত হোসেন, রাজধানী টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি সাকিবুল ইসলাম সাকিব, এশিয়ান টিভির ফরিদপুর প্রতিনিধি সাদ্দাম হোসেন সোহাগ এবং ওয়াহিদুজ্জামান মোল্লা নামে আরেক সাংবাদিক।
চাঁদাবাজির অভিযোগ তুলে গত ১১ অক্টোবর একই আদালতে আয়শা আক্তার নামে এক নারী তাদের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
মামলার বিবরণে দাবি করা হয়, গত ১ জুন আয়শা আক্তার ঢাকার শাহবাগ থেকে ফরিদপুরের নগরকান্দায় গ্রামের বাড়িতে যান। আসামিরা সাংবাদিক পরিচয় দিয়ে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন ধরণের ভয়-ভীতি ও হুমকি দেন। আয়শা ঢাকায় চলে আসলে ৬ অক্টোবর ফোন করে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। চাঁদা না দিলে মানহানিকর খবর প্রকাশের হুমকি দেওয়া হয়।
এদিকে পরোয়ানা জারির সাতদিন পর আসামিরা রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় সাজ্জাত হোসেনকে স্ট্রেচারে করে নিয়ে আসা হয়। তার বাম হাত ও ডান পায়ে ব্যান্ডেজ ছিল।
সাজ্জাত হোসেন দাবি করেন, আয়শা আক্তারের স্বামী ফরিদপুরে সিআইডিতে এসআই হিসেবে কর্মরত। তার দুর্নীতি নিয়ে খবর প্রকাশ করায় এ মামলা করেছেন আয়শা। তাদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ মিথ্যা।
