রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটক দুই পুলিশ সদস্য হলেন সিরাজগঞ্জের বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের ওমর আলী ও দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নগরীর পায়রা চত্বর এলাকার স্কাই ভিউ হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানের সময় ওই কক্ষের খাটের নিচে সিগারেটের প্যাকেটে রাখা ১৯ ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক সেবনের একটি পাইপ, চারটি গ্যাস লাইট ও দুটি ফয়েল পেপার উদ্ধার করেন অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। পরে শুক্রবার বিকেলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
পরিদর্শক তাহামুদার রহমান জানান, ওমর আলী চাকরিরত অবস্থায় এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অন্যদিকে, মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
