রাজধানীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়েছে। হারানো বা চুরি হওয়া ফোনের মালিকদের উদ্ধার করা মোবাইলের তালিকার সঙ্গে নিজেদের ফোনের আইএমইআই নম্বর মিলিয়ে দেখার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ থানায় দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১৭টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করেছে।
উদ্ধার হওয়া ফোনের মধ্যে রয়েছে স্যামসাং, ভিভো, রেডমি, রিয়েলমি, অপো, টেকনো, আইটেল, ইনফিনিক্স, হুয়াওয়ে ও আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল। তালিকায় ফোনগুলোর আইএমইআই নম্বর উল্লেখ করা হয়েছে। তবে কয়েকটি ফোনের আইএমইআই নম্বর নেই বলে জানানো হয়েছে। উদ্ধার হওয়া ফোনের মধ্যে একটি লক করা আইফোন ১৩ এবং ভাঙা ডিসপ্লের একটি রিয়েলমি ফোনও রয়েছে।
ডিবি জানিয়েছে, তালিকায় থাকা আইএমইআই নম্বরের সঙ্গে নিজেদের হারানো বা চুরি হওয়া ফোনের নম্বর মিলিয়ে দেখতে পারবেন মালিকরা। ফোন শনাক্ত হলে মালিকানার প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে হবে। আদালতের আদেশ পাওয়ার পর আদেশের অনুলিপি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ফোন ফেরত নেওয়া যাবে।
এ বিষয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. মনজিল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তার মোবাইল নম্বর ০১৬৭৬-২৭১৫২৯।
উদ্ধার হওয়া ১১৭টি ফোনের পূর্ণাঙ্গ তালিকায় প্রতিটি ফোনের ব্র্যান্ড ও আইএমইআই নম্বর দেওয়া হয়েছে। হারানো বা চুরি হওয়া ফোন শনাক্ত করতে তালিকাটি সতর্কতার সঙ্গে যাচাই করার অনুরোধ জানিয়েছে ডিবি।
সানা/আপ্র/২২/১০/২০২৬
