Published on
:
1 min read
স্ত্রী এবং চার বছরের পুত্রকে খুনের অভিযোগ উঠল ট্রাক চালকের বিরুদ্ধে। স্ত্রী এবং পুত্রকে খুনের পরে তিনিও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কেরালার ত্রিশূরের ভালপ্পাদ সমুদ্র সৈকত এলাকায় বৃহস্পতিবারের ঘটনা।
পুলিশ সূত্রে খবর, স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে সন্দেহ করতেন ওই চালক। সেই সন্দেহের বশেই স্ত্রী এবং ছেলেকে তিনি হত্যা করেন। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত মহিলার নাম বিস্ময়া (৩০), সন্তানের নাম দক্ষিণ (৪)। ট্রাক চালক থেক্কিনিয়েদাথের এলাকার বাসিন্দা বিজেশ আশঙ্কাজনক অবস্থায় ত্রিশূর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর, ভালপ্পাদ সমুদ্রসৈকত এলাকার বাড়িতে স্ত্রীক ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন বিজেশ। বিস্ময়রা চিৎকার শুনে সেই বাড়িতে যান তাঁর ভাই। সেখানেই রক্তাক্ত অবস্থায় বিস্ময়াকে দেখতে পান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অন্য দিকে, বাড়িতেই একটি ঘরে ছেলেকে সঙ্গে নিয়ে ঢুকে তা ভেতর থেকে তালা লাগিয়ে দেন বিজেশ। সেখানে সন্তানকে কোপানোর পরে নিজেও সেই ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
খবর পেয়েই সেখানে গিয়ে দু’জনকে উদ্ধার করে ভালপ্পাদ থানার পুলিশ। হাসপাতালে পরে মৃত্যু হয় দক্ষিণের।
পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কোডুঙ্গাল্লুরের ডেপুটি পুলিশ সুপার আর রাথিশ কুমার।
