টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ১২ লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও ঘরের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন (৩৮) ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। প্রতিদিনের মতো বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে এবং ঘরের দরজা-জানালা বন্ধ করে তাঁরা ঘুমাতে যান।
পরদিন ১৩ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান আনোয়ার হোসেন। পরে ঘরের বিভিন্ন স্থান তল্লাশি করে আলমারি, শোকেস, স্টিলের ডেকসেট, ড্রেসিং টেবিল ও খাটের ড্রয়ারসহ বিভিন্ন আসবাবপত্রের ড্রয়ার ভাঙা ও খোলা দেখতে পান তিনি।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, জমি কেনা ও ব্যবসায়িক কাজের জন্য ঘরে রাখা নগদ ১২ লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার এবং প্রয়োজনীয় বিভিন্ন মালামাল খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া বাড়ির বারান্দার গ্রিল ও দরজায় ভাঙার চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা।
ভুক্তভোগীর ধারণা, ১২ অক্টোবর রাত ১০টা থেকে ১৩ অক্টোবর সকাল ৬টার মধ্যবর্তী সময়ে অজ্ঞাতনামা চোরেরা বাড়িতে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ায় এবং নিজেদের উদ্যোগে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী ঘটনার সুষ্ঠু তদন্ত, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে পুলিশের বক্তব্য এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
The post ঘাটাইলে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ১২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট appeared first on ভোরের চেতনা.
