ময়মনসিংহের তারাকান্দায় সৎ মেয়েকে ধর্ষণ মামলায় চার বছর কারাভোগের পর প্রতিশোধ নিতে স্ত্রীকে কুপিয়ে এক হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে ওবায়দুল্লাহ সরকার (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে তারাকান্দা ইউনিয়নের গোয়ালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওবায়দুল্লাহ ওই গ্রামের তহুর উদ্দিন সরকারের ছেলে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাচ্চু মিয়া জানান, প্রায় ২০ বছর আগে ওবায়দুল্লাহ বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান। তাঁর তিনটি বিয়ে হয়েছে বলে জানা গেছে। তৃতীয় স্ত্রী গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা। ওই নারীর আগের স্বামী মারা যাওয়ার পর ওবায়দুল্লাহ তাঁকে বিয়ে করেন। বিয়ের সময় ওই নারীর আগের সংসারে এক কিশোরী মেয়ে ছিল।
অভিযোগ অনুযায়ী, ওবায়দুল্লাহ ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মামলা করলে পুলিশ ওবায়দুল্লাহকে গ্রেফতার করে। পরে ওই নারী মেয়েকে বাবার বাড়িতে রেখে বিদেশে চলে যান। চার বছর পর সম্প্রতি দেশে ফেরেন তিনি। এদিকে, কারাভোগ শেষে মুক্তি পান ওবায়দুল্লাহ।
স্থানীয় ইউপি সদস্যের ভাষ্য অনুযায়ী, মামলা নিয়ে বিরোধের জেরে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মীমাংসার কথা বলে ওই নারীকে গোয়ালকান্দি গ্রামের বাড়িতে ডেকে আনেন ওবায়দুল্লাহ। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে ধারালো দা দিয়ে কোপানো হয়। এতে তাঁর এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান অভিযুক্ত।
পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আব্দুর রাশিদ জানান, আহত নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা থানায় এলে মামলা নেওয়া হবে। অভিযুক্ত ওবায়দুল্লাহকে গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।
