ভোলার বোরহানউদ্দিনে পানিতে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দানু হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওই বাড়ির মো. শাহিনের মেয়ে মোসা. মাহা (৬) ও আব্দুল গনির মেয়ে মোসা. তানহা (৬)। তারা সম্পর্কে আপন ফুফু ও ভাতিজি।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্র জানায়, শুক্রবার সকালে তারা দুজনে বাড়ির পুকুরের ঘাটলায় গোসল করতে আসে। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তাদের পরিবার। একপর্যায়ে মাহার মরদেহ ভেসে ওঠে। পরে পানিতে নেমে তানহাকে খুঁজতে গিয়ে গাছের ডালের সঙ্গে আটকে থাকা অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের ধারণা, গোসল করার সময় ঘাটলা থেকে পা পিছলে পানিতে ডুবে যায় তারা। এ ঘটনায় ওই বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
