তুরস্কের ফুটবলে বেটিংবিরোধী অভিযানে শাস্তির মুখে পড়েছেন ১৪৭ জন বর্তমান ও সাবেক ক্লাব কর্মকর্তা। দায়িত্বে থাকা অবস্থায় বাজি ধরার নিয়ম লঙ্ঘনের দায়ে তাঁদের ৪৫ দিনের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ)। শাস্তি পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন শীর্ষ লিগের ক্লাব ট্রাবজোনস্পরের সভাপতি এরতুঘরুল দোয়ানও।
বিজ্ঞাপন
মঙ্গলবার টিএফএফের পেশাদার ফুটবল শৃঙ্খলা বোর্ড ৪৪৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানায়। তদন্তে ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই সময় তাঁরা ফুটবলসংশ্লিষ্ট কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে বাকি ৩০১ জনকে শাস্তি দেওয়া হয়নি।
এর আগে গত সেপ্টেম্বরে তুরস্কের শীর্ষ দুই বিভাগের ক্লাবগুলোতে গত পাঁচ বছরে দায়িত্ব পালন করা ৪৪৮ জন বর্তমান ও সাবেক কর্মকর্তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল ফেডারেশন। তাঁদের বিরুদ্ধে দায়িত্বে থাকাকালে বেটিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্তের ধারাবাহিকতায় এবার ১৪৭ জনের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত এল।
তুর্কি ফুটবলে বেটিং-সংক্রান্ত অনিয়ম বন্ধে ফেডারেশনের তৎপরতা অবশ্য নতুন নয়। গত বছর বড় ধরনের বেটিং কেলেঙ্কারির পর তদন্তের আওতায় আনা হয়েছিল ১৪৯ জন রেফারি ও ১ হাজার ২৪ জন খেলোয়াড়কে। তাঁদেরও বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছিল।
সাম্প্রতিক এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ফুটবলে বাজি ধরার নিয়ম ভঙ্গের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থান আরও স্পষ্ট করল টিএফএফ।
