‘ওর হাতে গ্লাভস পরিয়ে দিন, ও গোলরক্ষক হিসেবেও খেলে দেবে’
ভালভার্দেকে নিয়ে মরিনহো
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ফেদেরিকো ভালভার্দেকে আবারও প্রশংসায় ভাসালেন কোচ হোসে মরিনহো। সেভিয়ার বিপক্ষে রাইটব্যাক পজিশনে উরুগুইয়ান তারকার পারফরম্যান্সে মুগ্ধ পর্তুগিজ কোচ। তার মতে, দলের প্রয়োজনে অধিনায়ক ভালভার্দেকে গোলরক্ষকের গ্লাভস পরিয়ে গোলপোস্টের নিচেও দাঁড় করিয়ে দেওয়া সম্ভব।
রোববার সেভিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে বেঞ্চে দুজন বিশেষজ্ঞ ফুলব্যাক থাকা সত্ত্বেও কোচ হোসে মরিনহো দলের অধিনায়ক ফেদেরিকো ভালভার্দেকে রাইট ব্যাক পজিশনে খেলানোর সিদ্ধান্ত নেন। কোচের আস্থার প্রতিদান দেন উরুগুয়ের এই আন্তর্জাতিক মিডফিল্ডার। ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের একটি নিশ্চিত শট গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে তিনি দলের লিড অক্ষুণ্ণ রাখেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভালভার্দের ভূয়সী প্রশংসা করেন মরিনহো। বলেছেন, ‘কিছুদিন আগে আমি মজাচ্ছলে কিন্তু গুরুত্বের সঙ্গেই বলেছিলাম যে, আমাদের যদি চারজন ভালভার্দে থাকত, তবে তারা চারটি ভিন্ন পজিশনে খেলতে পারত।’
তিনি আরও যোগ করেন, ‘বর্তমান ফুটবলে সে অন্যতম বহুমুখী খেলোয়াড়। সে যেকোনো পজিশনে অত্যন্ত উচ্চমানের পারফরম্যান্স দেখাতে পারে। আজ সে অসাধারণ খেলেছে। সে রিয়াল মাদ্রিদের অধিনায়ক, যদি তাকে গোলরক্ষক হিসেবেও খেলতে হয়, তবে হাতে গ্লাভস পরিয়ে তাকে গোলপোস্টের নিচে পাঠিয়ে দেওয়া যাবে।’
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা উইঙ্গার ইয়ান দিওমান্ডেকে নিয়েও কথা বলেছেন রিয়াল মাদ্রিদ বস। আরদা গুলেরের করা গোলটিতে সহায়তা করার পাশাপাশি নিজেই একটি দুর্দান্ত গোল করে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেছিলেন দিওমান্ডে।
এই তরুণকে নিয়ে মরিনহো বলেন, ‘তার এখনও অনেক উন্নতির সুযোগ রয়েছে। সে তরুণ, কিছুটা অনভিজ্ঞ এবং এখনও পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠেনি। সে প্রায়শই বিপজ্জনক এলাকায় পৌঁছে যায়, তবে শেষ মুহূর্তে কিছুটা অস্থির হয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে সে ঠিকই মানিয়ে নেবে।’
তরুণ এই উইঙ্গারের সঙ্গে রিয়ালের আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়রের শুরুর দিনগুলোর তুলনা টেনেছেন মরিনহো। বলেছেন, ‘আমার মনে পড়ে, ভিনি জুনিয়র যখন মাদ্রিদে এসেছিল, তখন পরিস্থিতি কেমন ছিল, আর দুই-তিন বছর পরেই সে বিশ্বমানের খেলোয়াড়ে পরিণত হয়।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
